বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে ড্রাম ট্রাক চালক নিহত; হেলপার আহত

By Meherpur News

March 13, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব এলাকার পোড়াপাড়া গ্রামে ড্রাম ট্রাক থেকে মাটি নামাতে গিয়ে বৈদ্যুতিক তারের স্পর্শে চালক মহিরুল ইসলামের মৃত্যু হয়েছে।

এ সময় সজিব নামের এক হেলপার গুরুতর আহত হয়েছেন। নিহত মহিরুল জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। আহত সজিব একই উপজেলার ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যেরাতে পোড়াপাড়া গ্রামের ময়নাল হকের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে অন্য স্থান থেকে ড্রাম ট্রাকে করে মাটি এনে পোড়াপাড়ায় অবস্থিত ময়নাল হকের ইটভাটায় সরবরাহ করছিলেন মহিরুল। ট্রাক থেকে মাটি নামানোর এক পর্যায়ে ইটভাটার উপর দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত ড্রামট্রাকের বডি স্পর্শ করে। এসময় ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।বিদ্যুত স্পর্শে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মহিরুল মারা যান । পাশে থাকা হেলপার সজিব ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লােকজন সজিবকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী থানার উপ-পরিদর্শক অঙ্কুশ জানান, খবর পেয়ে পুলিশের একটিদল দল মহিরুলের মরদেহ উদ্ধার করেছে।