মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ নিয়ে দুপক্ষের লােকজনদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ষােলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপির স্থানীয় নেত্রী আফরোজা খাতুন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে ষােলটাকা ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরােজা খাতুন তার বক্তব্যেই বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার দরিদ্র-অসহায় পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণের উদ্যােগ নেয়। এর অংশ হিসেবে বুধবার সকালে পরিষদের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র-অসহায় পরিবারের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে চাউল বিতরণ করা হচ্ছিল। এমন সময় জামায়াতের নেতাকর্মীরা পরিষদে উপস্থিত হয়ে ভিজিএফ এর চাউলের ৫০℅ তারা চাই। এবং তাদের নেতৃত্ব বিতরণ করার দাবি জানায়। সরকার যেহেতু ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাউল বিতরণ করছে। সেখানে তারা কেন এমন দাবি করবে? এমনটি বললে,তারা পরিষদের সদস্য (মেম্বার) সুজাউদ্দীনসহ কয়েকজনকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন। পরে স্থানীয় জনগণ তাদের প্রতিহত করে।
এদিকে,জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অভিযােগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়।
বুধবার বিকেল ৪টার দিকে গাংনী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম।
তিনি অভিযোগ করে বলেন, ষোলটাকা ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের স্বামী আবুল হোসেন কোনো নির্বাচিত প্রতিনিধি বা সরকারি কর্মচারী না হয়েও ভিজিএফ চাল স্বজনপ্রীতির মাধ্যমে বিতরণ কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন এবং পুরো বিতরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন।
তিনি আরও বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পরিষদে গিয়ে তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি অন্তর্ভূক্ত করার অনুরোধ জানানো হয়। তবে এ প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এবং জামায়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে অশালীন ও উস্কানিমূলক মন্তব্য করা হয় বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই দাবির প্রেক্ষিতে এক পর্যায়ে প্যানেল চেয়ারম্যানের ছেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র আনার নির্দেশ দেন এবং সন্ত্রাসী আচরণ করেন, এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে আলোচনা শেষে তারা আমাদের দুইজন প্রতিনিধির নাম লিখে দিতে বলে। আমরা সে অনুযায়ী লিখিতভাবে নাম প্রদান করি। তবে এরপরও তাদের সহযোগী ক্যাডার বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে চড়াও হয়ে কয়েকজন কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। একই সঙ্গে ভবিষ্যতে ভিজিএফ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ষোলটাকা ইউনিয়ন জামায়াতের আমীর বেলাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।