বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে উত্যক্তকারীর ১৫ দিনের কারাদণ্ড

By Meherpur News

May 20, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে আল-আমিন হোসেন (২৭) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে এ রায় প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বামন্দী গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আল-আমিন হোসেন একই এলাকার এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে পথেঘাটে উত্যক্ত করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা আল-আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন, “শিশুদের নিরাপত্তা ও সমাজে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। কেউ এ ধরনের অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এ ধরনের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।