বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বােধন

By মেহেরপুর নিউজ

March 23, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে দক্ষতাবৃদ্ধি ও আত্মকর্ম সৃজনের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ৭দিন ব্যাপি অপ্রাতিষ্ঠানিক ট্রেডের আওতায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচীর ৫নং ব্যাচের সমাপনি ও ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বােধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তর উদ্বােধনের আয়ােজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বােধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ও যুগ্ম সচিব রুহুল আমীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কেএম জাহিদ হােসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১শতাধিক নারী-পুরুষ।