গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলার গাংনী উপজেলার লকডাউনে থাকা অসহায় ,দুঃস্থ কর্মহীন মোটর শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাস্তবায়নে গাংনী প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোটর শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন।গাংনী শাখার ৬৯৫ জন মােটর শ্রমিকের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)নিরঞ্জন চক্রবর্তী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার মাহফুজুর রহমান কল্লোল ,মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ। অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার ভাটপাড়া আবাসন এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।