জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাজার পাড়ায় মেয়াদ উত্তীর্ণ দুধ পান করে জিনিয়া খাতুন নামের ৫ মাসের এক শিশু মারা গেছে। জিনিয়ার মাতা জাকিয়া খাতুন জানান, ৩ মাস আগে দোকান থেকে ল্যাকটোজিন নামের এক কৌটা দুধ আনা হয়েছিল খাওয়ানোর জন্য। ১ মাস আগে দুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আজ শুক্রবার দুপুরে শিশু জিনিয়াকে ওই মেয়াদ উত্তীর্ণ দুধ খাওয়ানোর পর পরই সে অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য অবস্থায় জিনিয়াকে গাংনী উপজেলার হেমায়েতপুর বাজারের গ্রাম্য হাতুড়ে ডাক্তার এম সামসুল হকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই হাতুড়ে ডাক্তার তাকে ভুল চিকিৎসা দিয়ে সময় পার করে। সন্ধ্যায় জিনিয়াকে মূমূর্ষ অবস্থায় মেহেরপুর শহরের মল্লিক পাড়ার ডাক্তার রমেশ ক্লিনিকে নেওয়ার আগেই গাংনী বাজার পাড়ার আব্দুল্লার মেয়ে জিনিয়া মারা যায়। এব্যাপারে শিশু বিশেষজ্ঞ ডাঃ বিথি দেবনাথ (এফসিপিএস) জানান, গ্রাম্য হাতুড়ে ডাক্তার কোন মতেই শিশুদের চিকিৎসা দিতে পারেননা। আমার যতটুকু মনে হয়েছে শিশুটিকে প্রথম থেকে যথেষ্ট চিকিৎসা দিলে বাচানো সম্ভব হত। এ ব্যাপারে গ্রাম্য হাতুড়ে ডাক্তার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।