বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে রাজাকারমুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

December 25, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে রাজাকার ও অনুপ্রবেশকারী হাইব্রিডমুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের সম্মেললন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন,রাজাকার ও অনুপ্রবেশকারী হাইব্রিডমুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদের গাংনী উপজেলা শাখার আহবায়ক ও গাংনী পৌর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুল লতিফ, রাজাকার ও অনুপ্রবেশকারী হাইব্রিডমুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদের গাংনী উপজেলা শাখার সদস্য ও গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম,যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আমজাদ হোসেন, কৃষকলীগ নেতা আজিজুল হক,মশিউর রহমান পলাশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজাকার ও অনুপ্রবেশকারী হাইব্রিডমুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদের গাংনী উপজেলা শাখার সদস্য সচিব ইসমাইল হোসেন। লিখিত বক্তব্যেই সদস্য সচিব ইসমাইল হোসেন বলেন স্বাধীনতা যুদ্ধের সময় কুখ্যাত রাজাকার আব্দুল গনির পত্র মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আসিন থেকে জাতীয় সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদকে কলঙ্কিত করছেন।

আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী শক্তিকে বিভিন্ন পকেট কমিটি করে আওয়ামী লীগে পূনর্বাসন করছেন। আর তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।১৯৭১ সালে কুষ্টিয়া-মেহেরপুর সংযোগ সড়কের তেরাইল অস্থায়ী সেতুটি মুক্তিযোদ্ধারা ভেঙ্গে দিলে,তেরাইল গ্রামের কুখ্যাত গনি রাজাকার ও তার ভাই ফনি রাজাকারের প্রত্যক্ষ নেতৃত্বে রাস্তার দু’পাশের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। যার প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা ওমর আলী ও স্ত্রী দুজন পাকিস্তানী হানাদার সেনাকে অসীম সাহসিকতার সাথে জবাই করেন। এর ফলে ১৯৭১ সালের ১৯ জুলাই পাকিস্তানী হানাদার বাহিনী গনি রাজাকারের নেতৃত্বে তান্ডব-লিলা চালায় এবং ওমর আলী শাহের পরিবারের ৭জন সদস্যকে ধরে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে তুলে দেয়।

এসময় হানাদার বাহিনী তাদের উপর নির্মম নির্যাতন চালায়। অমানবিক নির্যাতন সইতে না পেরে কেরামত আলী ও তার মা মোমেনা খাতুন মৃত্যুবরণ করেন। ওই সময় কলিমুদ্দীনের ছেলে হোসেন আলী মালিথা,মৃত ইবাদত মন্ডলের ছেলে সৈয়দ আলী মন্ডল,মৃত বিশু বাগের ছেলে রইচ উদ্দীন বাগ,বজলুর রহমান ও তার শাশুড়ি নুরজাহান বেগম,পাঞ্জাব আলীর ছেলে শামসুদ্দীনসহ আরো বেশ কয়েকজনকে হত্যা করে। ১৯৭১ সালে বাদিয়াপাড়া গ্রামের গোলাম মহাম্মদের পুত্র বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গেলে,তার বাড়ি গনি রাজাকার অগ্নিসংযোগ ও লুটপাট করেন। ষোলটাকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় তার পিতা রুপচাঁদ মন্ডলকে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে ১১দিন ধরে টর্চার সেলে অমানবিক নির্যাতন চালান এই সাহিদুজ্জামান খোকনের পিতা গনি রাজাকার। মুক্তিযুদ্ধের শেষ ঠিকানা,স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর কাদের জাতি বার বার স্মরণ করিয়ে দিয়ে চেতনাকে জাগ্রত করার জন্য বলছেন স্বাধীনতা বিরোধী শক্তি,অনুপ্রবেশকারী ও হাইব্রিডদের চিহ্নিত করে আওয়ামী লীগ থেকে বিতাড়িত প্রকৃত ত্যাগি,পরিক্ষীত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ পরিবারের সন্তানদের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে হবে। এবং মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠন গড়ে তুলে স্বাধীনতার প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্যে বাস্তবায়ন করতে হবে।