টপ নিউজ

গাংনীতে শিশু আবির হত্যার ঘটনায় মামলা দায়ের

By মেহেরপুর নিউজ

June 28, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামে শিশু আবির হোসেন হত্যার ঘটনায় ২ জনসহ অজ্ঞাত আরাে বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে নিহত আবির হোসেনের মা রোজিনা খাতুন বাদি হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য ও মিনাপাড়া গ্রামের বাসিন্দা নুহু নবীর ছেলে হামিম হােসেন ও একই গ্রামের মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদ হােসেনের নাম উল্লেখ করে আরো কয়েকজন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহার নামীয় দু’জন আসামীকে ইতাে মধ্য আটক করেছে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,গত শনিবার বিকেলে শিশু আবির হোসেনকে অপহরণের পর হত্যার ঘটনায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের মা। মামলা নং- ২৩ তাং-২৭/০৬/২০২১ ইং। মামলার এজাহার নামীয় দুজন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মেহেরপুর আদালতে নেয়া হবে। সেখানে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেবে। আসামীদের বয়স ১৪ ও ১৫ বছর হওয়ায় সম্ভবত তাদের সংশোধনাগারে রাখা হতে পারে।

এদিকে নিহত শিশু আবিরের মরদেহ রবিবার ময়না তদন্ত শেষে তার বাবার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। উল্লেখ্য : শনিবার বিকালে আবির হোসেনকে ডেকে নিয়ে যায় ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহু নবীর ছেলে হামিম ও মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদ। সন্ধ্যায় আবিরের বাবা মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণ না দেওয়ায় আবির হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

স্থানীয় লোকজন হামিম ও মুজাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আটককৃতরা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার শেষে লাশের সন্ধান দিলে শনিবার দিবাগত রাত ১২ টার দিকে মিনাপাড়া-মানিকদিয়া মাঠের একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।