বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শয়নকক্ষ থেকে রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার

By Meherpur News

June 08, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে তুষার বিশ্বাস নামের এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিবারের দাবি তুষার বিদ্যুত স্পৃষ্টে মারা গেছেন।

রাজমিস্ত্রী তুষার বেতবাড়ীয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

সােমবার বিকেলে নিজ শয়ন কক্ষ থেকে তুষারকে উদ্ধার করে হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, তুষার বিশ্বাস বেতবাড়িয়া পূর্বপাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন।

কয়েকদিন ধরে তার স্ত্রী ববিতা খাতুন মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া গতকাল রবিবার তার বাবা-মা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে তুষার বাড়িতে একাই ছিলেন।

সােমবার বিকেলে তুষারের বাবা মনিরুল ইসলাম বাড়িতে ফিরেন। এবং বিদ্যুতের একটি ছেঁড়া তার ঘরের মধ্যে পড়ে থাকতে এবং তুষারকে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বিছানার ওপর বসা অবস্থায় দেখেন। এক পর্যায়ে তিনি তুষারকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার শরীরে স্পর্শ করেন। তাতেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

পরিবারের সদস্যদের দাবি,তুষার বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছেন।