বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সম্পত্তি হাতিয়ে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

January 21, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে শরীকদের ফাঁকি দিয়ে গোপনে জমি রেজিস্ট্রি করার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেলে ছাতিয়ান বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছাতিয়ান গ্রামের জবেদ আলীর ছেলে শাহীনুজ্জামান ও তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে শাহীনুজ্জামান বলেন,আমার বাবা জবেদ আলীর দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী (আমার মা) মনোয়ারা খাতুনের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বড় ছেলে আমি।

আমার বাবার দ্বিতীয় স্ত্রী বিনোয়ারা খাতুনের রয়েছে ২টি মেয়ে। আমার বাবা অসুস্থ্যতার কারণে বর্তমান বাকরুদ্ধ। বাবা অসুস্থ্যতার সুযোগে তাকে চিকিৎসা দেয়ার নাম করে আমাদের ৩ ভাই-বোনকে ফাঁকি দিয়ে আমার সৎ মা তার লোকজনের সহযোগিতায় নিজের ২ মেয়ের নামে বাড়ির জমিসহ সাড়ে ১৪ বিঘা জমি গোপনে রেজিস্ট্রি করে নেয়। এ সম্পত্তি হাতিয়ে নেয়ার পর আমাদের বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করছেন ও নানা ভাবে হুমকি দিচ্ছেন। ওই দুই বোনের সাথে বারবার যোগাযোগ করেও কোন কর্ণপাত করেনি তারা।

স্থানীয়রা জানান, জবেদ আলী ছিলেন একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি। সে স্বজ্ঞানে কোন সন্তানকে বঞ্চিত করতে পারেন না। এখন তিনি কথা বলতে না পারায় সুযোগটি হাতিয়ে নিয়েছেন তার দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে। শরীকদের ফাঁকি দিয়ে কিভাবে জমি রেজিস্ট্রি করানো হলো এমন প্রশ্ন সাব-রেজিস্ট্রিারের কাছে। আসল দলিলে জবেদ আলীর স্বাক্ষর থাকার কথা থাকলেও টিপ সহি দেয়া রয়েছে। তা ছাড়া জবেদ আলী কোন কথা বলতে পারেন না। হলফ নামায় তার দুই সন্তান ও এক স্ত্রীর নাম দেয়া নেই। ওয়ারিশ পত্রটিও সঠিক নয় বলে দাবি করেছেন তারা।