টপ নিউজ

গাংনীতে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত-২

By মেহেরপুর নিউজ

April 29, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুর প্রাণি সম্পদের পিকআপ গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে গিয়ে সড়ক দূর্ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় ২জন আহত হয়েছেন। আহতরা হলেন- মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের অফিস সহায়ক মোহাম্মদ ফিরোজ আলী ও গাড়ি চালক শাহজামাল।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের অফিস সহায়ক আহত ফিরোজ আলী জানান, মেহেরপুর প্রাণিসম্পদ অফিসার সাইদুর রহমান মহােদয়কে অফিসের গাড়ি নিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়া ত্রিমোহনী রাখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ছাতিয়ান গ্রামের কাছে পৌঁছালে,একটি ট্রাকের সাথে আমাদের ব্যবহৃত পিকআপ (যার নং- ঢাকা মেট্রো ঠ-১১-২৬৫৫) গাড়ীর ধাক্কা লাগে। ওই ধাক্কায় পিকআপ গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এসময় আমিসহ পিকআপ চালক শাহজামাল আহত হয়।

মেহেরপুর প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সাংবাদিকদের জানান, সারা দেশ লকডাউন চলছে। তাই ব্যক্তিগত কাজের জন্যই এলাকায় যাওয়াটা প্রয়োজন ছিল। গাড়ি পাবাে না বিধায় অফিসের গাড়ি ড্রাইভারকে বলে কুষ্টিয়ার ত্রিমোহনী পর্যন্ত রেখে আসতে বলি। সে মােতাবেক ড্রাইভার আমাকে রেখে আসে। পরে শুনলাম আমার অফিসের ব্যবহৃত গাড়িটি গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। এদিকে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি উত্তর দিতে গড়িমসি করেন। এক পর্যায়ে সাইদুর রহমান জানান, আমরা নিজে (ব্যক্তিগত ভাবে) এই গাড়ি ঠিক করার ব্যবস্থা করবাে।