বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 29, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে সাপের কামড়ে কিরন হোসেন (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্কুল ছাত্র কিরন কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে। কিরন কাজীপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

বুধবার দিবাগত রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দিয়েছিল। পারিবারিক সূত্র জানায়, কিরন রাতে ঘরে ঘুমিয়েছিল । রাত আনুমানিক ৮টার দিকে সাপে তার পায়ে কামড় দেয়। এসময় সে ঘুম থেকে জেগে উঠে পায়ে যন্ত্রণা অনুভব করে। বিষয়টি তার বাবা-মাকে জানায়। পিপড়ায় কামড়িয়েছে এমনটি মনে করে পরিবারের লােকজন। পিপড়ায় কামড় দিলে,কোন সমস্যা হবে না কিরনকে এমন আশ্বাস দেয় পরিবারের লােকজন ।

পরে কিরন আরাে অসুস্থ পড়লে,তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কিরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।