বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

By Meherpur News

June 08, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে মাহাতাব হোসেন (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ২ সন্তানের জনক কৃষক মাহাতাব জেলার গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

সোমবার সকালের দিকে উপজেলার হিজলবাড়ীয়া-সাহারবাটী মাঠে মাহাতাবকে সাপের কামড় দেয়। পরে দুপুরে মারা যায়।

স্থানীয়রা জানান,সকালে জমি চাষের উদ্দেশ্যে মাঠে যান মাহাতাব। এ সময় জমির আইলের পাশে একটি গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় চৌগাছা গ্রামের ওঝা ইদ্রিস আলীর কাছে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, ওঝা প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করলেও মাহাতাবের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে মাহাতাব নিস্তেজ হয়ে পড়লে, ওঝা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে স্বজনরা দুপুরের দিকে মাহাতাবকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হোসেন বলেন, সাপে কামড়ের পর রোগীকে দ্রুত হাসপাতালে আনা অত্যন্ত জরুরি। সময়মতো হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্ট্রিভেনম প্রয়োগের মাধ্যমে তাকে বাঁচানোর সুযোগ ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।