বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো নকলের দৃশ্য, বহিষ্কার এক পরীক্ষার্থী

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় এক ছাত্রীকে নকলের অপরাধে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, পরীক্ষা চলাকালীন সময়ে গোপনে নকল করার দৃশ্য কেন্দ্রের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করে।

এদিকে, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বরত তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বহিস্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।