মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন: গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে রোববার দুপুরে ছাত্র ও বখাটেদের মধ্যে এক সংঘর্ষে ২ পথচারীসহ ৬জন আহত হয়। আহতরা হলো – দশম শ্রেনীর ছাত্র সাব্বির (১৫), মাহফুজ (১৪), রাকিবুল (১৬), পথচারী রফিক (৫৫) ও বকুল (৩৩)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রফিকুলকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, আজ রোববার দুপুর সাড়ে ১১টার দিকে মালসাদহ গ্রামের কাবরান ও নাহিদ নামের দুই বখাটে বিদ্যালয়ে প্রবেশ করে ৯ম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করে। এ সময় প্রতিবাদ করে বিদ্যালয়ের কয়েকজন ছাত্র। এতে রাগান্বিত হয়ে বখাটেরা সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ের মেইন গেটে অবস্থান নিয়ে ছাত্রদেরকে লক্ষ্য করে ই্ট পাটকেল নিক্ষেপ করে। এসময় আহত হয় ৪ ছাত্র। ছাত্র আহতর ঘটনাটি ছড়িয়ে পড়লে পাল্টা হামলা চালায় ছাত্ররা। ছাত্রদের নিক্ষেপ করা ইটের আঘাতে পথচারী রফিক ও বকুল আহত হয়। সংঘর্ষের পর পরই বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোকজন নিয়ে একটি বৈঠক করা হয়। বৈঠকে বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।