গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে স্বামীর ধারালো হাসুয়ার কােপে তার স্ত্রী স্বপ্না খাতুন (১৯) এখন মৃত্যু শয্যায়। স্বামী নাহিদ হােসেন নেশাগ্রস্থ হওয়ার কারণে এমনটি করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বুধবার দিবাগত রাতে ছাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ৪মাস আগে ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার মতিয়ার রহমানের ছেলে নাহিদ হোসেন (২৩)-এর সাথে একই এলাকার কাবরান আলীর মেয়ে স্বপ্না খাতুনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। নাহিদ নেশাগ্রস্থ হওয়ায় বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত।
বুধবার বিকেলে স্বপ্নার বাবা মেয়েকে নেওয়ার জন্য নাহিদের বাড়িতে গেলে, নেশাগ্রস্থ নাহিদ স্বপ্নার বাবার সামনেই ধারালো হাসুয়া দিয়ে স্বপ্নাকে এলোপাতাড়ি কোপ দেয়। এসময় রক্তাক্ত স্বপ্নাকে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে, রাতেই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,খবর শুনে রাতেই পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।