বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩জন নিহত ; আহত-১

By Meherpur News

June 04, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১ জন। নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দীনের ছেলে অটােবাইক চালক আরিফ হােসেন (৪০), একই গ্রামের মাহিম হােসেনের শিশুকন্যা আফরিন (৪) ও মাহিমের ভাগ্নে যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে আকবার হােসেন (১০)।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের অলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,আরিফ হােসেন তার অটােবাইকে কয়েকজন যাত্রী নিয়ে গাংনী শহরের দিক থেকে বামন্দী শহরের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে বামন্দী শহরের অদূরে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি ট্রাক অটােবাইককে ধাক্কায় দেয়। ওই ধাক্কায় অটােবাইক চালক আরিফসহ আরাে ৩জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা আরিফকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। এদিকে,আহত আফরিন ও আকবরসহ ৩জন যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরিন ও আকবরকে মৃত ঘােষণা করেন।

নিহত আরিফ হােসেনের বন্ধু বিপ্লব হােসেন জানান, আরিফ গত ১১ বছর যাবত কর্মের সুবাদে কুয়েত প্রবাসী ছিলেন। গত ৮মাস পূর্বে বাড়ি ফিরে একটি অটােবাইক কিনে ভাড়া মেরে বেড়াচ্ছিলেন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করার লক্ষে পুলিশ চেষ্টা করছে।