গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৫৬) নামের এক সাবেক ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন। আহত সিরাজুল গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সিরাজুল মোটরসাইকেলযোগে বাওট বাজার থেকে আকুবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে বাওট কলেজের সামনে পৌছালে, বিপরীত দিক থেকে আসা অটােভ্যানের (ইঞ্জিনচালিত যানবাহন) চাকা খুলে এসে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে সিরাজুল ইসলাম রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।