বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সড়ক দুর্ঘনায় আহত শুভ মারা গেছেন

By মেহেরপুর নিউজ

July 17, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে মােটরসাইকেল রেস(পাল্লাপাল্লি) খেলতে গিয়ে শুভ হােসেন ও জয় হােসেন আহতের পর চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা গেছেন। শুভ কাজীপুর গ্রামের মধ্যেপাড়ার বাসিন্দা ও প্রবাসী শিপন আলীর ছেলে। আহত জয় একই গ্রামের হাজীপাড়ার স্বপন মিয়ার ছেলে।

রবিবার দিবাগত মধ্যেরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শুভ’র মৃত্যু হয়। এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজীপুর-বামন্দী সড়কের সাহেবনগর গ্রামের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,জয় ও তার বন্ধু শুভ নিজ নিজ মােটরসাইকেল নিয়ে রেস (পাল্লাপাল্লি) দিচ্ছিলেন। পাশাপাশি দুটি মােটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে জয়ের ধাক্কা লাগে। এবং শুভ সড়কে ছিটকে পড়েন। জয়ের একটি হাতের হাড় ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গাছের মধ্যে ঢুকে পড়ে। এবং শুভ’র মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত হয়। ফলে দু’বন্ধুই গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষমেষ জয়কে ঢাকায় নেয়া হয়। রবিবার দিবাগত মধ্যেরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যান।