বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

By Meherpur News

February 07, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ি সংলগ্ন জগত আলী নামের এক ব্যক্তির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন,তার বাড়ি সংলগ্ন জগতের চায়ের দোকানের সাথে বিএনপির প্রার্থী মো: আমজাদ হোসেনের একটি ব্যানার রয়েছে। সেই ব্যানারের নিচ থেকে লাল টেপ দিয়ে মােড়ানো বোমা সদৃশ বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেগুলো উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে নিস্ক্রিয় করেছে পুলিশ ।

ষোলটাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ও আমতৈল গ্রামের বাসিন্দা ফারুক হোসেন বলেন,গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ আমতৈল, মানিকদিয়া ও কেশবনগর এই তিন গ্রামের বিএনপি ও সাধারণ লোকজন জগতের চায়ের দোকানে বসে থাকেন। সেখান থেকেই এই তিন গ্রামের বিএনপির নির্বাচন পরিচালনা করা হয়। ওই দোকানের সাথে বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের একটি নির্বাচনী ব্যানারও রয়েছে। সেই ব্যানারের নিচে লাল টেপ দিয়ে মােড়ানো বোমা সদৃশ দুটি বস্তু রেখে যায়। বিএনপি নেতাকর্মীদের হুমকি ধামকি ভয়ভীতি দেখানোর জন্য একটি চক্র বোমা সদৃশ দুটি বস্তু রেখে যেতে পারে বলে মনে হচ্ছে ।

গাংনী উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, আমতৈল গ্রামের মৃত মফেজেলের ছেলে জগতের দোকানের চেয়ার-টেবিল রয়েছে। সেখানে বিএনপিসহ গ্রামের সাধারণ মানুষ বসে চা পান করাসহ রাজনৈতিক আলাপ আলোচনা ও গল্পগুজব করে। আমতৈল সহ পার্শবর্তী গ্রাম সমূহে সকল দলের শান্তিপূর্ণ বসবাস রয়েছে। এলাকায় বিশৃঙ্খলা করার জন্য কে বা কারা দুটি বোমা সদৃশ বস্তু রেখে যেতে পারে। বিষয়টি তদন্ত করলে জড়িতদের সনাক্ত করা যাবে। তবে নিরীহ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে বিষয়টি খেয়াল রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন,বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসেন বলেন, দুটি বোমা সদৃশ্য বস্তু রাখার ঘটনায় অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির প্রার্থী মো: আমজাদ হোসেন বলেন,বিষয়টি হালকা ভাবে নেওয়ার কিছু নেই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দ্রুত জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।