গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় ৭ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৪৩০ টাকার ৫টি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে এ প্রকল্পগুলাের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
প্রকল্প গুলোর মধ্যে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে জ্যোতি (জােড়পুকুরিয়া-তেরাইল) মাধ্যমিক বিদ্যালয়ের ২য়, তয় ও ৪র্থ তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ,স্থানীয় সরকার বিভাগ এলজিইডির বাস্তবায়নে বাদিয়াপাড়া চেয়ারম্যান পাড়া হইতে বামন্দী হাট অভিমুখী সড়ক ১ কোটি ৩৬ লাখ ৫২ হাজার টাকা, তেরাইল হতে সিন্দুরকটা মুখী রাস্তা ভায়া মহাব্বতপুর সড়ক ৯৯ লাখ ৪৯ হাজার টাকা ও বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবন ৮০ লাখ ৭৫ হাজার টাকা, এবং এস কেএস (সিন্দুরকৌটা-কামারখালী-শিমুলতলা) মাধ্যমিক বিদ্যালয় ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বহুতল ভবন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান,বিদ্যালয়গুলাের প্রধান শিক্ষক-সহকারি শিক্ষক,শিক্ষার্থীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।