বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

By মেহেরপুর নিউজ

July 15, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ সদস্যরা। এসময় ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মাোনাজ্জেল শেখের ছেলে ময়নাল শেখ (২৭) ও মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান (২৩)। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার কাজীপুর থেকে ফেনসিডিল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল মাদক কারবারিরা।

গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর নাটনাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ভবানীপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। অভিযানের সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।