টপ নিউজ

গাংনীর কাজলা নদীর উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

By মেহেরপুর নিউজ

October 27, 2020

গাংনী প্রতিনিধি:

গাংনীতে কাজলা নদীর উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর গাংনী কার্যালয়ের আয়োজনে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক ড. মন্সুর আলাম খান।

বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান ভাটপাড়া নীলকুঠি সংলগ্ন কাজলা নদীর উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার সময় বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন এলাকার ভৈরব নদী পুনঃ খনন করেছেন। অনেক এলাকার খাল পুনঃ খনন কাজ হয়েছে। বাকিগুলি পর্যায়ক্রমে পুনঃ খনন করা হবে। ইতোমধ্যে মেহেরপুরের ভৈরব নদী পুনঃখনন করা হয়েছে।

এ নদীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মাছ শিকার করেন। জেলা প্রশাসক আরো বলেন, বর্তমান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জেলার খাল বিল ও কাজলা নদী পুনঃ খনননের উদ্যোগ নিয়েছেন। তিনি কাজলা নদী পুনঃখননের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও অবমুক্তকৃত মাছ এমুহুর্তে না ধরার অনুরোধ করে বলেন, এ মুহুর্তে মাছ না ধরে অন্তত তিন মাস পরে মাছ ধরলে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাবে। এ থেকে মেহেরপুর বাসীর জন্য প্রাণীজ আমিষের ঘাটতি পূরণসহ কৃষি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই সকলের দায়িত্ব এ উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা মাছ এমুহুর্তে শিকার না করা। সেইসাথে কারেন্ট জাল কিংবা বেড় জাল কাজনা নদীতে ব্যাবহার না করা।

কেউ যদি বেড় জাল কিংবা কারেন্ট জাল ব্যবহার করে তাকে আইনের আওতায় আনা হবে বলেও হুশিয়ারি দেন তিনি। বিশেষ অতিথি এম এ খালেক মৃতপ্রায় কাজলা নদীর পুনঃখননের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, কাজলা নদীর পুনঃ খনন করা হলে মাছের অবাধ বিচরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে জেলার চাহিদা পূরণ করেও বাইরের জেলাতে মাছ বিক্রি করে মৎস্য চাষিরা স্বাবলম্বী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় কয়েক হাজার বিঘা জমির ফসল তলিয়ে যাওয়ার হাত থেকেও রেহায় পাবে স্থানীয় কৃষকরা। সরকারের কাছে কাজলা নদী পুনঃখননের দাবী জানান এ বক্তা।

এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভুমি) নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলামসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।