মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ অক্টোবর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আহত দেলওয়ার হোসেন (২৭) কয়েক ঘন্টা মৃত্যু’র সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে।
শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত দেলওয়ারের দু’ বন্ধু আব্দুর রাজ্জাক (২৪) ও মনিরুল ইসলাম (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য,শুক্রবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব নামক স্থানে এক বৃদ্ধ নারীকে বাঁচাতে গিয়ে নিহত দেলওয়ার মোটরসাইকেলের আরোহী দু’বন্দ্ধুসহ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। নিহত দেলওয়ার হোসেনের বাবা মোকলেছুর রহমানজানান, শুক্রবার বিকেলে গ্রামের বাড়ি ঢ্যাপা গ্রাম থেকে তারা তিন বন্ধু মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা গাঁড়াডোব এলাকায় পৌঁছালে এক বৃদ্ধা নারী রাস্তার মাঝখানে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দেলওয়ারের অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া আব্দুর রাজ্জাক ও মনিরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।