টপ নিউজ

গাংনীর চেংগাড়া গ্রামে বাড়ি উচ্ছেদ ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

January 25, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে বৈধ মালিকানাধীন জমি থেকে একটি পরিবারকে উচ্ছেদ ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।

সোমবার বিকেলে ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে তোফাজ্জেলের ভাস্তে রোকনুজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ।

লিখিত বক্তব্য অনুযায়ী জানা গেছে, জমির মালিকগণ দীর্ঘদিন যাবত পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। দখলীয় জমির আর এস খতিয়ান নং-২৮০, দাগ নং-৮৮১ জমির পরিমাণ ১৪ শতাংশ। একই ভাবে এস এ খতিয়ান নং- ১৩৬। রেকর্ড সূত্রে হোল্ডিং, খারিজ খাজনা চলমান রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার চেংগাড়া গ্রামের প্রতিপক্ষ একটি কুচক্রী মহলের ইন্ধনে মৃত রফিজউদ্দীনের ছেলে মোমিন, বারেক, খলিল, দুলাল গংসহ মৃত করিমন নেছার ছেলে তোফাজ্জেল হোসেনের রেকর্ডকৃত জমি পুলিশের সহযোগিতায় জবর দখলের পায়তারা চালাচ্ছে । এসব ব্যক্তিবর্গ কোন রকম কাগজপত্র না থাকলেও রাস্তার দাবিতে জমি জবর দখলের পায়তারা চালাচ্ছে। প্রতিপক্ষ মুন্সেফ আইন অমান্য করে লোকজন নিয়ে জমি জবরদখল করার হুমকি দিয়ে যাচ্ছে। এই বিরোধ পূর্ণ জমি নিয়ে দেওয়ানী আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগে আরাে বলেন, গাংনী থানা পুলিশের এস আই গোলাম মোস্তফার নেতৃত্বে একজন পুলিশ সদস্য গত ২২ ইং তারিখে একটি তামাক ঘর ভাঙচুর করেন। আজ সোমবার ২৫ তারিখে আবারও বাড়ির সামনে রাখা বালির স্তুপ তছরুপাত করে এবং পুরুষদের অবর্তমানে বাড়ির মহিলাদের সাথে অশালীন,অসদাচরণ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাড়ির অন্যান্য সদস্যরাও পুলিশের নানা হুমকি ও মামলা দিয়ে জেলের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ দেয়। তোফাজ্জেলের ছেলে আব্দুস সালাম অভিযােগ করে বলেন,বর্তমানে রাজনৈতিক নেতাদের চাপে থানা পুলিশের একটিদল আমার বাড়িতে এসে আমার বালি তছরুপাত ও ঘরবাড়ি ভেঙ্গে দিয়েছে। উচ্ছেদের হুমকি দিচ্ছে। প্রতিপক্ষের কোন বৈধতা না থাকলেও আমি পুলিশের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি।

এ ব্যাপারে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) নূর-ই- আলম সিদ্দিকী জানান, বিষয়টি নিয়ে আমরা কাগজপত্র দেখেছি। তোফাজ্জেল হোসেনের নামে ২ টি রেকর্ড রয়েছে। হোল্ডিং, খারিজ খাজনা চলমান তাই আমরা এক্ষেত্রে কিছুই করতে পারবো না। আমরা কাগজপত্র মুন্সেফ আদালতে প্রেরণ করেছি। আদালতের সিদ্ধান্ত ছাড়া কিছুই বলা যাবে না। তার বৈধ জমি থেকে উচ্ছেদ বা জবরদখল করাটাও ঠিক হবে না।

ভূক্তভােগি পরিবার পুুলিশের হুমকি ধামকী ও অত্যাচার থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।