মেহেরপুর নিউজঃ মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সঙ্ঘবদ্ধ চোরের দল প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় চৌগাছা পৌর স্কুল পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহাদত হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, গৃহকর্তা সাহাদত হোসেন ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বাড়িতে তালা দিয়ে চিকিৎসার কাজে কুষ্টিয়ায় যান। রাতে তারা বাড়িতে ফিরতে না পারায় সুযোগ নেয় চোরের দল। গভীর রাতে চোরেরা বাড়ির প্রাচীর টপকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারির তালা ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে সটকে পড়ে।
শুক্রবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সাহাদত হোসেনকে খবর দিলে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।