টপ নিউজ

গাংনীর ছাতিয়ান গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

By মেহেরপুর নিউজ

December 23, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মা ও ছেলের নিহতের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারের অদুরে ইকরা হাই স্কুলের সামনে মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের শিপলুর স্ত্রী জেসমিন (২২) ও তার শিশুপুত্র ইমাম হোসেন (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভরাট গ্রামের খবিরউদ্দিনের ছেলে মাসুদ তার বোন জেসমিন (২২) ও ভাগ্নে ইমাম হোসেন (৩) কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে তার ভগ্নিপতির বাড়ি মোহাম্মদপুর গ্রামে যাচ্ছিল। এ সময় বামন্দি বাজারের অদুরে ইকরা স্কুলের সামনে পৌঁছালে একটি ব্যাটারি চালিত অটোকে ওভারটেক করার সময় অসাবধান বসত অটোর সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় পিছন থেকে আসা একটি ড্রাম ট্রাক জেসমিন ও তার শিশুপুত্র ইমামের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নিহত হয় তারা।

জেসমিন গাংনী উপজেলার ভরাট গ্রামের খবিরউদ্দিনের মেয়ে। সৌভাগ্যবশত মোটরসাইকেল চালক জেসমিনের ভাই মাসুদ প্রাণে বেঁচে যাই। ঘটনার পরপরই বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং বডি ব্যাগে মরদেহ রাখা হয়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ বজলুর রহমান ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।