টপ নিউজ

গাংনীর ধানখোলা বিদ্যালয় মাঠে মেলার নামে জুয়ার আসর

By মেহেরপুর নিউজ

April 19, 2019

মেহেরপুর নিউজ, ১৯ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মেলার নামে র‌্যফেলড্র ও জুয়ার আসর বসেছে। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। প্রভাবশালি মহলের ছত্রছায়ায় জুয়ার আসর চলছে বলে জানা গেছে। বিদ্যালয়ে সভাপতি আঃ রাজ্জাক বলেন, ধানখোলা গ্রামের একটি মহলের আয়োজনে বিদ্যালয় মাঠটির চারিদিক দিয়ে টিনের বেড়া দেওয়া হয়েছে। এখন আর সেখানে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেনা। ‘শুনেছি সেখানে রাত হলেই জুয়ার আসর বসে। ঐ আসরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিৎ হচ্ছে। একটি প্রভাবশালি মহলের আয়োজনে জুয়ার আসরটি চলছে বলে আমাদের পক্ষে কিছু করা সম্ভব হচ্ছেনা।’

সরেজমিনে,গত বৃহস্পাতিবার রাত দশটায় ঐ খেলার মাঠে গিয়ে চোখে পড়ল চরকা খেলা। সেখানে উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায়। কারোর হাতে ১শ’ টাকা কারোর হাতে ৫শ’ টাকা তাদের সামনে ঘুরছে জুয়া খেলার চরকা। চরকাতে আছে বিভিন্ন টাকার পরিমানের সাংকেতিক চিহ্ন । মুল টাকাকে ৫গুণ বৃদ্ধি করার প্রলোভনে অনেক উৎসুক লোক দাড়িয়ে জুয়া খেলায় মেতে উঠেছে। তাতে হাজার হাজার টাকা খোয়াচ্ছে তারা সে টাকা হাতিয়ে নিচ্ছে জুয়া চক্রের লোকজন। রাফেলড্রর আয়োজন কমিটির সভাপতি ও খাণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল ইসলাম বলেন, তিনি এই রাফেলড্রর অনুমতি নিয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয় ও উপজেলা পরিষদ থেকে। তিনি বলেন, জুয়ার আসর হচ্ছে এমন কথাগুলো একেবারে ভিত্তিহিন।

র‌্যফেলড্র ও জুয়ার তত্বাবধায়ক মামুন আলী বলেন, এর আগেও মেহেরপুরের ্আমঝুপিতে এই ধরণের কাজ করেছি। তখনো অনেক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপরও থামাতে পারেনি তারা। কারণ আমরা ওপর মহল ম্যানেজ করেই এই কাজ করে আসছি। ধানখোলা মাধ্যমিক বিদালয়ের দশম শ্রেনীর নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন শিক্ষার্থী বলেন, বিদ্যালয় খেলার মাঠটি চারিদিকে ঘিরে রাখার কারণে কোনপ্রকার খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। এ ব্যপারে বিদ্যালয় কর্তৃপক্ষও কোন পদক্ষেপ নেয়নি। ধানখোলা গ্রামের হাফেজ শেখ বলেন, সন্ধ্যা নামলেই মাঠে জাওয়ার জন্য ধুম পড়ে যায়। চায়ের দোকানগুলো এখন অনেক ফাকা হয়ে গেছে। বেশিরভাগ দিনমজুর শ্রেনীর মানুষ জোয়াখেলায় মেতে ওঠেছে। প্রভাবশালী মহলের নিয়ন্ত্রন থাকায় কেউ প্রতিবাদ করতে পারছেনা।

উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন, শুনেছি খানখোলা বিদ্যালয় মেলা পরিচালনা করার জন্য এসপি অফিস থেকে অনুমোতি নিয়েছে। তবে মেলার মাঠে কোন রকম হাউজি বাম্পার ,র‌্যাফেল ড্র,টাকা দিয়ে চরকা বা জুয়া খেলার কোন অনুমোতি নাই। যদি এ ধরণের কোন কিছু চলে তাহলে আমরা আইনানুগ ব্যাবস্থা গ্রহন করব।