মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাঠে একটি আমবাগানে চাঁদার দাবীতে দুই নৈশ প্রহরীকে অপহরনের চেষ্টায় ব্যর্থ হয়ে বোমা হামলা চালিয়েছে চাঁদাবাজরা। এসময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আরো একটি বোমা উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে চিৎলা গ্রামের জনৈক আকতার হোসেনের আমবাগানে এ হামলা চালানো হয়। আকতার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও ৮জন নৈশ প্রহরী বাগানে পাহারা করছিল। রাত সাড়ে ৮টার দিকে ১০/১২ জন অস্ত্রধারী এসে ২ লাখ টাকা চাঁদার দাবী করে মশিউর রহমান (২০) ও ইদ্রীস আলী (২৫) নামের দু’জনকে অপহরণ করে নিয়ে যাবার সময় তারা দৌড়ে পালায়। এসময় চাঁদাবাজরা পর পর ২টি বোমা নিক্ষেপ করে। একটি বোমার বিস্ফোরণ ঘটে। গ্রামবাসিরা টের পেয়ে এগিয়ে আসলে চাঁদাবাজরা পালিয়ে যায়। গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত ও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।