টপ নিউজ

গাংনীর প্রেমিকার মেহেরপুরে গর্ভপাত করায় নবজাতকের মৃত্যু : প্রেমিক পলাতক

By মেহেরপুর নিউজ

May 28, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে কামাল হোসেন নামের এক প্রেমিক তার প্রেমিকার গর্ভের অবৈধ সন্তান গর্ভপাত করিয়েছেন। গর্ভপাতের ফলে সন্তানটি মারা গেছে। রক্তক্ষণের ফলে অবৈধ সন্তানের মা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মেহেরপুর মেডিপ্যাথ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে গোপনে প্রেমিকার গর্ভপাত ঘটিয়ে পলাতক রয়েছেন প্রেমিক কামাল হোসেন। প্রেমিক কামাল গাংনী উপজেলার চৌগাছা গ্রামের বাসিন্দা। এবং সে পেশায় একজন কাঠমিস্ত্রি।

এদিকে সদ্য ভুমিষ্ট হয়ে মারা যাওয়া নবজাতকের লাশ গাংনী থানা পুলিশের একটিদল উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নিয়েছে।

ভুক্তভোগি নারীর অভিযোগ, কাঠ কামাল হোসেনের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়। এবং সে বিয়ের প্রলোভনে আমাকে ভাড়াবাড়িতে রেখে দেহভোগ করতে থাকেন। দেহভোগের কারণে আমি গর্ভবতী হয়েছি জেনে কামাল আমাকে বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শহরের ওয়াপদা মোড়ের নিকট মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এক পর্যায়ে আমার অবৈধভাবে গর্ভপাত ঘটায়। প্রচুর রক্ত ক্ষরণে আমি অসুস্থ হয়ে পড়ি। এ সুযোগে সে আমাকে ফেলে পালিয়ে যায়।

অভিযোগ উঠেছে,অবৈধ গর্ভপাত ঘটানো মেহেরপুর মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে।

কামালের প্রেমিকা জানান, একটি কাগজে সই করিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে। কামাল দাবি করলেও এর কোন কাগজ আজো আমাকে দেওয়া হয়নি। তারপরও আমাকে ভাড়াবাড়িতে রেখে দেহভোগ করে আসছিলেন।

ভুক্তভোগি ওই নারীর বোন জানান, আমি আমার বোনের সাথে মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে ছিলাম। চেকআপ করার কথা বলে আমার বোনকে মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন কামাল। কামাল আগে থেকেই ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের সাথে গর্ভপাত ঘটানোর বিষয়ে বলে রেখেছিলেন। সেখানে কর্মরত সেলিম রেজা যিনি নিজেকে ডাক্তার দাবি করে গর্ভপাত ঘটানোর জন্য ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পরেই আমার বোনের পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। যখন গর্ভপাত ঘটে তখন আমি এ বিষয়টি বুঝতে পারি। প্রতারণা টের পেয়েই পরিবারের অন্যান্য সদস্যদেরকে খবর দিই। কিন্তু বাঁচ্চাটিকে বাঁচানোর জন্য আমাদের আর কিছুই করার ছিলোনা।

এদিকে নিরুপায় হয়ে অসুস্থ প্রেমিকা বৃহস্পতিবার মধ্যরাতে কামাল হোসেনের বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল সেখান থেকে বাঁচ্চাটি উদ্ধার করে। একই সাথে অসুস্থ নারীকে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগীরা।

গাংনী থানা সূত্র জানায়, শুক্রবার সকালে মরদেহ সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।