রাজনীতি

গাংনীর বামন্দিতে সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

By মেহেরপুর নিউজ

November 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর: ৬০ ঘন্টা হরতালের তৃতীয় দিনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের  বামন্দি বাস স্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

আজ বুধবার জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে  নেতাকর্মীরা  হরতালের পক্ষে বিক্ষোভ করে।  বিক্ষোভ মিছিলটি বামন্দি বাজার ও আশে পাশের সড়কগুলো প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে সমাবেশ করে । সেখানে পুলিশি বাধা অতিক্রম করে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন নেতাকর্মীরা।অবরোধকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আধাঘন্টা পর অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সমাবেশে আরো উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক আহবায়ক মুরাদ আলী, বিএনপি নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বামন্দি ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দীন, পৌর জিয়া পরিষদের সভাপতি আহসান হাবীব বাবু ও উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কাওছার আলীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ সড়কে হরতাল বিরোধীদের  হামলায় আহত হয়েছেন ৭ বিএনপি সমর্থক। আহতরা হলেন, আড়পাড়া গ্রামের হাসান আলী (৪০), মন্টু মিয়া (৪২) ও জনিরুল ইসলামকে (৩০) একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বামন্দি বাজারে বিক্ষোভ মিছিলে অংশ নিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন জানিয়েছেন, হরতাল সফল করতে বামন্দি বাজার এলাকায় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার লক্ষে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী সমর্থকরা আসছিলেন। মেহেরপুর-কুষ্ঠিয়া সড়কের পশ্চিম মাসলাদহ নামক স্থানে পৌছালে আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালালে কয়েকজন আহত হয়।