টপ নিউজ

গাংনীর বামন্দীকে উপজেলা করার দাবীতে মানব বন্ধন

By মেহেরপুর নিউজ

November 15, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীকে আলাদা উপজেলা করণের দাবীতে মানব বন্ধন করেছে হেযবুত তওহীদের সদস্যরা। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়।

বামন্দী ইউনিয়ন একটি সমৃদ্ধশালী ও ব্যবসা সফল ইউনিয়ন। পার্শ্ববর্তী ইউনিয়নগুলোও সমৃদ্ধশালী। জেলার অনেক বড় অংশের জনসংখ্যা এ এলাকায় বসবাস করে। দেশের একটি স্বনামধন্য পশু হাট রয়েছে বামন্দিতে। এই এলাকা থেকে সরকার একটি বড় অংকের রাজস্ব পেয়ে থাকে।

সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও আইনী সেবা পেতে অনেক ভোগান্তিতে পড়তে হয় এই এলাকার জনগণকে। এলাকার মানুষের ভোগান্তি নিরসনে এবং দীর্ঘ দিনের আশা পূরণে বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রসাশন প্রতিমন্ত্রী সংসদ সদস্য ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় নারী নেত্রী আফরোজা খাতুন প্রমুখ। এ সময় হেযবুত তওহীদের সদস্য ও বামন্দি বাজারের ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।