মেহেরপুর নিউজ :
গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী,বামন্দী ও রায়পুর ইউনিয়ন পরিষদে বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনী এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্ব-স্ব ইউনিয়ন পরিষদে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের গুরুত্ব, বিচার প্রক্রিয়া এবং স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এদিন সকাল ১১টার দিকে সাহারবাটী ইউনিয়ন পরিষদে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা।
এসময় বক্তব্য রাখেন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
একই দিনে বামন্দী ও রায়পুর ইউনিয়নে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের স্ব-স্ব প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট-খাটো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে জেলা আদালত বা থানায় না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সেবা গ্রহণ করলে সময়, অর্থ ও ভোগান্তি সবই কমে আসে। তাই এই সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানের প্রদর্শিত ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থিত জনসাধারণ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করেন। কর্মসূচির শেষ পর্বে ভিডিও ভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, গ্রাম আদালত বিষয়ে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি জোরদার করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।