মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের চুরিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। আহতরা হলো,লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হাকীম(৫০) ,তার ছোট ভাই আক্কাছ আলী(৪০) এবং প্রতিপক্ষ সাইফুল ইসলাম (৪৮)। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় ৩ জনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম। জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সাইফুল ইসলাম ও তার অপর সহযোগী আলম হোসেন ও টিপু দেশীয় তৈরী ধারালো অস্ত্র নিয়ে লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হাকীমকে কুপিয়ে হাতের একটি আঙ্গুল কেটে দেয়। এ সময় প্রতিবাদ করলে হাকিমের ছোট ভাই আক্কাছ আলীর উপর হামলা চালিয়ে তার হাতের কব্জী কুপিয়ে কেটে দেই। খবর পেয়ে আব্দুল হাকীমের লোকজন হামলা চালিয়ে সাইফুল ইসলামকে কুপিয়ে হাত,পা সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্বক জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন জানান, শিক্ষা মন্ত্রাণলেয়র একটি প্রশিক্ষণের জন্য ঢাকার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েমে) থাকার কারনে বিষয়টি আমি জানিনা। তবে গত ১৪ মার্চ বিদ্যালয়ে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে আমার অফিস সহকারীর উপর হামলা করে হাতের আঙুল কেটে দিয়েছে বলে খবর পেয়েছি। গাংনী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, আমার কাছে এখনো কোন এজাহার বা মামলা করার জন্য কোন পক্ষ থেকে কোন লিখিত পাইনি। আহত আব্দুল হাকিমের ভাই উপ সহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন জানান, চোরের সর্দার সাইফুল ইসলাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য,গত১৪মার্চ রাতে গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ে তালা ভেঙ্গে চোরের দল কম্পিউটার,ফ্যান,নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা চোরের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেছিল। যার নং ১২ ,তারিখ ১৮-০৩-১৩ ইং। এ মামলার জের ধরে সোমবার রাতে তাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।