বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ষোলটাকায় বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় দুজন আটক

By মেহেরপুর নিউজ

September 25, 2016

মেহেরপুর নিউজ, ২৫ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লক্ষ টাকার মাছ নিধনের ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছে।

শনিবার দিবাগত রাতে গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ উপজেলার ষোলটাকা ও জুগিরগোফা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ।

আটকৃতরা হলেন, উপজেলার ষোলটাকা গ্রামের বিছার উদ্দীনের ছেলে রহমতুল্লাহ (৪২) ও জুগিরগোফা গ্রামের বাদশা মিয়ার ছেলে সাবদার আলী পল্টু (৪০)।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার জানান, দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে চলতি মাসের ৯ তারিখ শুক্রবার রাতের কোন এক সময় ষোলটাকা গ্রামের আব্দুল্লাহর পুকুর বিষ প্রয়োগ করে অন্তত ১২ লক্ষ টাকা মাছ নিধন করে সন্ত্রাসীরা। এসময় পুকুর পাড়ে চরমপন্থী সংগঠন লাল পতাকার নামে একটি মোবাইল নম্বর লিখে চিরকুট রেখে যায়। এ ঘটনায় মৎস্য চাষী আব্দুল্লাহ গাংনী থানায় একটি সাধারন ডায়েরী করে। মোবাইলের কল লিষ্টের সূত্র ধরে রহমতুল্লাহ ও সাবদার হোসেন পল্টু কে গ্রেফতার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চিরকুটে লেখা মোবাইল নম্বর ও চাঁদাবাজিতে ব্যবহৃত মোবাইল ন¤^রের সাথে গ্রেফতারকৃত দুজনের নিয়মিত যোগাযোগ ছিল। এসবের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।