মেহেরপুর নিউজ, ৩১ জানুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহাবাটি গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের দুই সপ্তাহ না যেতেই রাস্তার প্রাইম কোট উঠে গেছে। এরই প্রতিবাদে গতকাল বুধবার সকালে সাহাবাটি চারচারা বাজারে বিক্ষোভ মিছিল করে সাহারবাটি গ্রামবাসী। মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল, সাহারবাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ অর্ধশত গ্রামবাসী এ মিছিলে অংশ নেয়। এসময় তারা পুন:নির্মানের দাবি তোলেন। সরেজমিনে সাহারবাটি গ্রামে গিয়ে দেখা যায়, অতিনিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুই সপ্তাহ যেতে না যেতেই রাস্তার অধিকাংশ স্থানে প্রাইম কোট উঠে গেছে। উঠে যাওয়ার স্থানগুলোতে নিম্মমানের ইট দেখা যাচ্ছে। যেগুলো হাতে নিলে হাত দিয়েই গুড়ো হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা অভিযোগ করে জানান, নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মানের সময় তারা প্রতিবাদ করেছিল। কিন্তু ঠিকাদার, প্রকৌশলী কেউ অমলে নেননি। তারা স্থানীয় এমপি, ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার কেউ অভিযোগ করেছেন। কিন্তু কেউই ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। গাংনী উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাহাবাটি ইউনিয়নের সাহাবাটি চারচারা বাজার থেকে খলিল ডাক্তারের বাড়ি পর্যন্ত ৫১ লাখ ৭হাজার ৬৮৮ টাকা ব্যয়ে ১.০৬ কিলোমিটার রাস্তা নির্মানের কাজ পায় কুষ্টিয়ার রোমানা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তাদের অংশিদার হিসেবে রাস্তাটি নির্মান করেন স্থানীয় ঠিকাকার সেলিম হোসেন ও তার সহযোগীরা। মেহেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল জানান, ঠিাকাদার মাস্তান উপস্থিত রেখে রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী করেছে। ফলে গ্রামের মানুষ নিরাপত্তার কারণে প্রতিবাদ থেকে পিছিয়ে আসে। ওই গ্রামের মুক্তিযোদ্ধা পাতান আলী জানান, তাদের সামনে বিভিন্ন ভাটার পচা ইট দিয়ে কাজ করা হচ্ছিল। উপজেলা প্রকৌশলী সাইডে আসলে নিম্নমানের ইট দেখালে লজ্জায় সরে পড়েন। তারপরও ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। স্থানীয় ৮ ন¤^র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান জানান, ঠিকাদারকে নি¤œমানের সামগ্রি দিয়ে রাস্তা নির্মানে আপত্তি দিয়েছিলাম। দেশের আর কোথাও এত নিম্মমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ হয়েছে বলে মনে হয় না। এছাড়াও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বর সাইদুর রহমান, গ্রামবাসী রুহুল আমিনসহ সকলেই অভিন্ন অভিযোগ করেন। তবে ঠিকাদার সেলিম হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ লিয়াকত হোসেন বলেন, গ্রামবাসী অভিযোগ করেছে সত্য। তবে ১০ টন ধারণ ক্ষমতার নতুন ওই রাস্তা দিয়ে ২০ টনের মতো মালামাল নিয়ে যানবাহন চলাচলের কারণেই রাস্তার প্রাইম কোট উঠে গেছে। তবে নতুন এই রাস্তার কাজে এক ইঞ্চি ডেনস কার্পেটিং ছিল। দুই ইঞ্চি হলে উঠতো না। তার পরও সিলকোট না থাকায় ছোট পাথর গুলো উঠে যায়।