মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ পল্টু শেখ (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক পল্টু শেখ উপজেলার খাসমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সোমবার সকাল সােয়া ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেঁতুলবাড়ীয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৩৯/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পল্টু শেখ (৩৮) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ২০ বোতল মদ ও ১টি হাসুয়া জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩২ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।