টপ নিউজ

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাপটপ চুরির একদিন পর উদ্ধার : চাের চক্রটি কারা?

By মেহেরপুর নিউজ

May 23, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তালাবদ্ধ অফিস কক্ষ থেকে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবারে চুরি হয়ে যাওয়া ল্যাপটপটি পরের দিন শনিবার দুপুর পৌনে ১টার দিকে উদ্ধার হলেও ল্যাপটপ থেকে মুছে ফেলা হয়েছে সরকারি সমস্ত ডকুমেন্টস।

চুরির বিষয়ে ব্যবস্থা নিতে গাংনী থানায় লিখিত অভিযোগ করেছে কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, টি বি সেকশনের ল্যাব টেকনিশিয়ান মাখন এর ব্যবহৃত এইচপি কোম্পানীর একটি ল্যাপটপ তার তালাবদ্ধ অফিস কক্ষ থেকে চুরি হয়ে যায়। চুরির ঘটনা জানাজানি হলে, খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে শনিবার দুপুর পৌনে ১ টার দিকে স্বাস্থকমপ্লেক্সের আরএমও ডাঃ বিডি দাস ল্যাপটপটি উদ্ধার করে নিয়ে আসেন।

অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপটি কে নিয়েছিল এবং কোথায় ছিল এবং কেনই বা সরকারি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস মুছে ফেলা হয়েছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আরএমও ডাঃ বিডি দাস কোনো জবাব দিতে পারেননি। টি বি সেকশনের ল্যাব টেকনিশিয়ান মাখন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে আমি অফিসের কাজ শেষ করে বাসায় চলে যায়। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকালে অফিসে এসে অফিস কক্ষের তালা খুলতে না পেরে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।

কয়েকজন স্টাফের উপস্থিতিতে তালা ভেঙে দেখি অফিস কক্ষে রেখে আসা ল্যাপটপটি নেই। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। শনিবার দুপুর পৌনে ১ টার দিকে আরএমও ডাঃ বিডি দাস ল্যাপটপটি উদ্ধার করে নিয়ে আসলেও ল্যাপটপের সমস্ত সরকারী ডকুমেন্টস মুছে ফেলা হয়েছে। এই ল্যাপটপটি পূনরায় ঠিক করতে আইটি ইঞ্জিনিয়ার লাগবে বলে জানান তিনি। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান শরীফ জানান, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১টি ল্যাপটপ চুরি হয়েছিল। ল্যাপটপটি আরএমও ডাঃ বিডি দাস উদ্ধার করে আনলেও সরকারি গুরুত্বপুর্ণ ডকুমেন্টস গুলো মুছে দেওয়া হয়েছে।

এদিকে অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপটি কে নিয়েছিল এবং কোথায় ছিল এবং কেনই বা সরকারি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস মুছে ফেলা হয়েছে এমন প্রশ্নের জবাবে আরএমও মুখ খুলতে রাজি হননি। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান,বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।