মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ অক্টোবর: জমি জমা বিরোধেকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মেহেরুল্লাহকে বাড়ি’র উঠানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত প্রভাষকের পিঠে এবং হাতে ধারালো ক্ষুর দিয়ে আঘাত করেছে সন্ত্রাসীরা। রোগীর পিঠে এবং হাতে ২০টির মতন সেলাই হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত। পারিবারিক সূত্রে জানা যায়,আজ রোববার মেহেরপুর শহরের হোটেলবাজারের মৃত মগফর হোসেনের ছেলে গাংনী ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মেহেরুল্লাহ মাগরিবের নামাজ পড়তে যাওয়ার জন্য বাড়ির উঠানে ওজু করছিলেন। এসময় মুখোশ পরিহিত দু’জন সন্ত্রাসী বাড়ির ভিতরে ঢুকে পিছন থেকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত মেহেরুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর নিউজকে বলেন,সন্ত্রাসীরা মুখোশ পরিহিত থাকার কারণে আমি তাদের চিনতে পারেনি। তিনি আরোও জানান,কয়েকদিন ধরে কতিপয় ব্যক্তির সাথে আমার দ্বন্দ্ধ চলছিল। আজ রাতে আমার এ বিষয়কে কেন্দ্র করে থানায় যাওয়ার কথা ছিল। আমার ধারনা, জমি বিরোধকে কেন্দ্র করেই আমার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।