মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে: হরতাল বিরোধী মিছিল থেকে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি’র কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে মিছিলকারীরা। এ সময় কার্যালয়ের সামনে থাকা সংসদ সদস্য আমজাদ হোসেনের একটি মোটর সাইকেলসহ দুটি মোটর সাইকেল ভাংচুর করেছে হরতাল বিরোধীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল থেকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিএনপি নেতৃবৃন্দ সুত্রে জানা গেছে, আওয়ামী লীগের স্থানীয় একটি পক্ষ রাতে গাংনী হাসপাতাল থেকে হরতাল বিরোধী লাঠি মিছিল শুরু করে। তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপি’র কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের সামনে থাকা জেলা বিএনপি’র সভাপতি এমপি আমজাদ হোসেন ও পৌর বিএনপি’র সভাপতি ইনসারুল হক ইন্সুর মোটর সাইকেল ভাংচুর করে। হামলার সময় নেতাকর্মীদের নিয়ে অফিসের মধ্যে ছিলেন এমপি আমজাদ হোসেন।