গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হাসপাতালের) পুরাতন ভবনের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কার কাজের পরিদর্শনে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
বুধবার দুপুরের দিকে সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার বাস্তবতা দেখে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। জানা যায়,চলতি বছরের শুরুর দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন সংস্কার বাবদ বরাদ্দ দেয় ৩৫ লাখ ৭২ হাজার ৩১১ টাকা। সে মােতাবেক ঠিকাদারী প্রতিষ্ঠান খুলনার দৌলতপুরের রাজীব মোর্টস সংস্কার কাজটি বাস্তবায়ন করছে।
নিয়ম অনুযায়ী এ গ্রেডের টাইলস,সিমেন্ট ও উন্নত বালু ব্যবহার করতে হবে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে পুরাতন ভবন সংস্থার করছে। তাই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সংস্কার কাজ পরিদর্শনে যান সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।সেখানে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের বিষয়টি স্ব-চক্ষে দেখে কাজ সাময়িক ভাবে বন্ধের নির্দেশ প্রদান করেন।