মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কর্তব্যরত সেবিকার অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে রোগীর স্বজনরা। এ ঘটনায় রোগির স্বজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আজ শুক্রবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। গাংনীর গোপালনগর গ্রামের রানা জানান, তার ছোট ভায়ের স্ত্রী রুমা খাতুনের প্রসব বেদনা দেখা দিলে শুক্রবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নরমাল ডেলিভারীর কথা বলে কর্তব্যরত সেবিকা পামেলী ও মলিকা রোগিকে লেবার রুমে নিয়ে চেষ্টা করেন। ২ ঘন্টা পর রোগির সিজার করে বাচ্চা প্রসবের অজুহাত দেখিয়ে মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। রোগিকে নিয়ে হাসপাতাল ত্যাগের মুহুর্তে মৃত বাচ্চা প্রসব করে প্রসূতি রুমা খাতুন। সেবিকাদের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বাচ্চার মৃত্যুর বিষয় টি জানার পর রোগির আত্মীয় স্বজনদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ভয়ে কর্তব্যরত সেবিকারা ওয়ার্ডের মুল ফটক বন্ধ করে দেয়। এসময় মুমূর্ষ কয়েকজন রোগি ওয়ার্ডে প্রবেশ করতে না পারায় আরো ক্ষিপ্ত হয়ে উঠে অন্য রোগিরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উত্তেজনার প্রশমন হয়।এরপর সেবা কার্যক্রম শুরু করেন সেবিকারা। সেবিকাদের অবহেলায় শিশু মৃত্যুর বিষয়ে অভিযোগ প্রত্যাখান করেছেন স্বাস্থ্য কমপেক্সের আর এমও ডা. আনোরুল ইসলাম। তিনি জানান, রোগির পেটে বাচ্চা থাকা অবস্থায় শিশুটি মারা গেছে। সেবিকাগন নরমাল ডেলিভারীর চেষ্টা করছিলেন এসময় রোগির লোকজন ক্লিনিকে নেয়ার কথা বলে রোগিকে নিয়ে যাবার চেষ্টা করলে রোগি মৃত বাচ্চা প্রসব করেন। তিনি আরো জানান, বর্তমানে প্রসুতি ভাল আছেন। স্বাভাবিকভাবে চিকিৎসা চলছে। তাছাড়া শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোন সেবিকার অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।