মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গোপালপুর মাঝপাড়া সমবায় সমিতি লিঃ উদ্যোগে মাছ লুট, সম্পদ হানি সহ বিল ধ্বংসকারী অপশক্তির হাত থেকে দাদপুর বিল রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার বিকালে বিলের পাড়ে এ সাংবাদিক সম্মেলন করা হয়। গোপালপুর মাঝপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য মোঃ শহিদুল ইসলাম।লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের রাজস্ব খাত উন্নয়ন এবং এতদাঞ্চলের মৎস্য চাহিদা পূরণে এই বিল গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেই সাথে ৪-৫ কিলোমিটার দীর্ঘ দাদপুর বিল এবং কুলবতী সীমানাকে আরো দৃষ্টিনন্দন করে বিলটি মৎস্য আহরণের বড় ক্ষেত্রে স্থল করতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বদৌলতে সরকার দাদপুর বিল নিয়ে বৃহৎ উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। যে কাজ শেষ হলে বদলে যাবে এতোদাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের চিত্র।বিল ঘিরে তৈরি হবে একটি অর্থনৈতিক জোন। অথচ আমরা চরম উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এই বিল নিয়ে সরকারের উন্নয়ন বিরোধী একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে সরকারের রাজস্ব খাতকে ধ্বংস করতে নানা মুখী ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা গ্রামে গ্রামে বিলবিরোধী অপপ্রচার চালিয়ে জনমনে উত্তেজনা তৈরি করে গ্রামের সৌহার্যপূর্ণ পরিবেশকে বিনষ্ট করছে। আমরা এই অপশক্তির হাত থেকে বিল রক্ষা সহ বিল নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
লিখিত বক্তব্যে জানানো হয়, সরকারের ভূমি মন্ত্রণালয় সহকারী জলমহাল সংক্রান্ত কমিটির ৬০ তম সভায় মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন দাদপুর বিল ইজারা বিষয়ক সিদ্ধান্ত হয়। ২০২০ সালের ২৫ মার্চ ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দাদপুর বিল ইজারা সংক্রান্ত পত্রের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৫ জুন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পত্র আদেশ অনুযায়ী আমরা সরকারের সমস্ত শর্ত ও নিয়ম মেনে বিলের বৈধ ইজারাদার হই।ইজারা বাবদ ভ্যাটসহ ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারী পরিষদ সাপেক্ষে আমরা বিলটি ২০২০ সাল থেকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত অনুযায়ী পরিচালনা করে আসছি। বিল পরিচালনা ৪ বছরের মাথায় একটি মহল সরকারের লাভজনক এ খাতকে ধ্বংস করতে বিল নিয়ে অপপ্রচার চালিয়ে দাদপুর বিলকে কাজল নদীর অংশের মধ্যে যুক্ত করে বিতর্ক উত্তেজনা সৃষ্টি করে চলেছে। সর্বজন স্বীকৃত তথ্য হলো কাজলা নদী কুঠিবাড়ির নিচ অংশ থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার অংশ দিয়ে প্রবাহিত হয়ে খলিশাকুন্ডির দিকে মিশেছে। অথচ সরকারের উন্নয়ন বিরোধী অপশক্তি দাদপুর বিলকে কাজলা নদীর অংশ হিসেবে চিহ্নিত করে বিল ধ্বংসের ষড়যন্ত্রে মেতেছে।
সাংবাদিক সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দাউদ আলি, হিসাব রক্ষক শামীম রেজা, সদস্য আব্দুল লতিফ, সদস্য জিয়াউর রহমান, রবিন,জহিরুল ইসলাম।