চুয়াডাঙ্গা সংবাদদাতা,১৬ মে: চুয়াডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন রাখতে সপ্তাহব্যাপি পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চুয়াডাঙ্গা পৌরসভা। যার নাম দেওয়া হয়েছে ‘গ্রীন চুয়াডাঙ্গা, ক্লীন চুয়াডাঙ্গা’। পরিচ্ছন্নতা অভিযানে রাত ১০টা থেকে ভোর ৫টা এবং ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই শিফটে পরিচ্ছন্ন কর্মিরা কাজ করবেন। বৃহস্পতিবার সকালে শহরের শহীদ হাসান চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হোসেন লেমন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌর মেয়রের নেতৃত্বে পৌরসভার শতাধিক পরিচ্ছন্ন কর্মি শহর জুড়ে অভিযানে নামেন। পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাধারণ মানুষের সেবার মান উন্নত করতেই চুয়াডাঙ্গা পৌরসভা এ কর্মসূচি গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য চুয়াডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলা। সেই লক্ষ্যে সপ্তাহব্যাপি এ পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে।