বর্তমান পরিপ্রেক্ষিত

চলতি বছরে ৫ মাসে মেহেরপুর জেলায় ৭৫ জনের অপমৃত্যু

By Meherpur News

June 04, 2025

মেহেরপুর নিউজ:

চলতি বছরে ৫ মাসে মেহেরপুর জেলায় ৭৫ জনের অপমৃত্যু হয়েছে। এর মধ্যে মে মাসে সর্বাধিক ৩০ জনের অপমৃত্যু হয়েছে। এই ৫ মাসে মেহেরপুর জেলায় মোট অপমৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

মে মাসে অপমৃত্যুর মধ্যে সড়ক দুর্ঘটনায় ১০ জন, সাপের কামড়ে একজন, বজ্রপাতে একজন, দেওয়াল চাপা পড়ে একজন, গলায় খাবার বেধে একজন, খুন হয় একজন, পানিতে ডুবে একজন এবং বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়। এছাড়াও গলায় দড়ি ও বিষ পান করে ১৩ জনের মৃত্যু হয়।

মে মাসের ১ তারিখে গাংনী উপজেলার আকবপুর গ্রামের একলাছুর রহমানের ছেলে তন্ময় লাটাহাম্বারের ধাক্কায় নিহত হন, একই দিনে গাংনী বাজার এলাকায় বাউট গ্রামের আমজাদ হোসেন নামের এক ভিক্ষুক গাংনী বাজারে বিল্ডিং এর দেওয়াল চাপা পড়ে মৃত্যুবরণ করেন।

৬ মে গাংনীর কামারখালী- তেরাইল সড়কে সড়ক দূর্ঘটনায় সিঁন্দুরকোটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মুস্তাফিজুর রহমান নামের এক তরুণ নিহত হন, একই দিনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিন্দা গ্রামের খায়রুল ইসলামের ছেলে সোহাগ আলী নিহত হন।

৭ মে গাংনীর শুকুরকান্দিতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে জামাল উদ্দিন, গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে ইমারত নির্মান শ্রমিক শাহিন আলী (২৮) ও তার ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু নিহত হন।

৮ মে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের ধরে ইলিয়াস হোসেনের ছেলের সবুজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়, ৯ মে মেহেরপুরের গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের তুহিন আলীর মেয়ে হুজাইফা খাতুন নামের এক শিশু পানিতে ডুবে, ১০ মে কাজীপুর গ্রামে জয়নাল আবেদীনের মেয়ে তাসমিন লাটাহাম্বা চাপায় নিহত, ১২ মে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মৌওদুদ আহমেদ শুভর ছেলে লুসাইবার হােসেন যশোরে মোটরসাইকেল চাপাই নিহত,  ১৫ মে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোর সদর উপজেলার নরসিংহকাটি গ্রামের আবু বক্কর সরদারের ছেলে গোলাম রব্বানী (৩২) নামের এক এনজিও কর্মী নিহত হন, একই দিনে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামে বজ্রপাতে রায়পুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী কিয়াম আলীর স্ত্রী রিতা খাতুন নিহত হন।

২০ মে জালশুকা গ্রামে সাপের কামড়ে আবুল হােসেনের ছেলে আবুল কালাম নামের এক কৃষকের মৃত্যু, ২৩ মে গাংনীর দক্ষিণ ভরাট গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিয়াজ উদ্দিনের ছেলে হাউস আলী (৫০) নামের এক নির্মাণ শ্রমিক, ২৪ মে মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় কুলবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে নিশান মিয়া ৩০ মে সাহারবাটি গ্রামে গলায় খাবার বেঁধে রওশনের ছয় মাস বয়সী শিশু জুনায়েদ হােসেনের মৃত্যু হয়।

এছাড়াও মে মাসে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে ১৩ জন গলায় দড়ি ও বিষ পান করে আত্মহত্যা করে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২ জন পুরুষ ৩ জন মহিলা এবং গাংনী উপজেলায় ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছে।