বর্তমান পরিপ্রেক্ষিত

চাঁদবিলে শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By Meherpur News

June 12, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল মাঠে চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন এবং ক্রিকেট কাউন্সিলর হাসিবুজ্জামান স্বপন।

পরে অতিথিরা অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের শুভেচ্ছা জানান।

এ সময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আজিত আলী, সদস্য সচিব আব্দুল মালেক, মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো— চিৎলা জাগরণী ক্লাব, রাজাপুর একাদশ, বামুন্দি একাদশ, রায়পুর জাগরণী ক্লাব, বল্লবপুর হসপিটাল ফুটবল একাদশ, ময়ামারি একাদশ, আমঝুপি একাদশ, কার্পাসডাঙ্গা একাদশ, মেহেরপুর বন্ধু ক্লাব, রাজনগর একাদশ, টঙ্গী সাইবার সাফ এএফসি, আমদহ ফুটবল একাদশ, বাবুপুর ফুটবল একাদশ, ধলা ফুটবল একাদশ, হরিরামপুর সীমান্ত ক্লাব এবং রঘুনাথপুর ফুটবল একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।