মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে আয়োজিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালের লটারি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় চাঁদবিল মাঠে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ ৮টি দলের অংশগ্রহণে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে কোয়ার্টার ফাইনালের ম্যাচ সূচি নির্ধারণ করা হয়।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এতে বল্লভপুর একাদশ মুখোমুখি হবে বামন্দী একাদশের। পরদিন শুক্রবার হরিরামপুর সীমান্ত ক্লাব খেলবে বন্ধু একাদশ মেহেরপুরের বিরুদ্ধে।
শনিবার অনুষ্ঠিত হবে চিৎলা একাদশ ও বাবুপুর একাদশের মধ্যকার ম্যাচ। আর রবিবার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কার্পাসডাঙ্গা গোল্ড স্টার ও টুঙ্গী একাদশ।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল মতিন এবং জেলা ফুটবল কোচ আব্দুল মালেক।
টুর্নামেন্টের আয়োজকরা আশা প্রকাশ করেছেন, কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দর্শকদের উপভোগ্য ফুটবল উপহার দেওয়া হবে।