মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চিৎলা জাগরণী ক্লাব জয়লাভ করেছে।
শুক্রবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চিৎলা জাগরণী ক্লাব টাইব্রেকারে ৫-৩ গোলে রাজাপুর ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে চিৎলা জাগরণী ক্লাবের জুবায়ের গোল করে দলকে এগিয়ে নেন। পরে দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে রাজাপুর ফুটবল একাদশের বায়েজিদ গোল করে সমতা ফেরান। বাকি সময়ে উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেলেও আর কোনো গোল করতে পারেনি। টাইব্রেকারে চিৎলা জাগরণী ক্লাবের পক্ষে শাহিন, সজীব, সুরুজ, বর্ণিল ও জুবায়ের একটি করে গোল করেন। রাজাপুর ফুটবল একাদশের পক্ষে সজীব, রাজ ও সজীব গোল করেন।
দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের জন্য চিৎলা জাগরণী ক্লাবের গোলরক্ষক ফাইম ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
খেলা শেষে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল মালেক ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন। মাঠে উপস্থিত দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।