মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে বামুন্দী একাদশ জয়লাভ করেছে।
শনিবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বামুন্দী একাদশ ১-০ গোলে রায়পুর জাগরণী ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।
খেলার দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে বামুন্দী একাদশের ইমন জয়সূচক গোলটি করেন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বামুন্দীর বিপুল মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে আনমার্ক অবস্থানে থাকা ইমনের উদ্দেশ্যে পাস বাড়ান। ইমন বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের আলতো শটে রায়পুরের গোলরক্ষক লাখিকে পরাস্ত করেন।
এর আগে প্রথমার্ধের ১৩ ও ১৭ মিনিটে রায়পুর জাগরণী ক্লাবের হিমেল দুটি সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে সাজুও ফাঁকা জাল পেয়েও গোল করতে ব্যর্থ হন। ম্যাচে বেশিরভাগ সময় আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি রায়পুর। অন্যদিকে খেলার ধারার বিপরীতে পাওয়া একমাত্র গোলেই জয় নিশ্চিত করে বামুন্দী একাদশ।
ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের জন্য বামুন্দী একাদশের গোলরক্ষক শুভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন তার হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আজিত, সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ রুমি প্রমুখ।