বর্তমান পরিপ্রেক্ষিত

চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবলে টুঙ্গী একাদশের বড় জয়

By Meherpur News

June 17, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে আয়োজিত চাঁদবিল শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর টুঙ্গী একাদশ দুর্দান্ত জয় পেয়েছে।

বুধবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ম্যাচে টুঙ্গী একাদশ ৫-১ গোলের বড় ব্যবধানে আমদহ একাদশকে পরাজিত করে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টুঙ্গী একাদশ। প্রথমার্ধের ২ মিনিটে রাজা মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে নেন।

এরপর ১২ মিনিটে জিহাদ মাঝমাঠ থেকে বল নিয়ে সরাসরি ডি-বক্সে প্রবেশ করেন এবং গোলরক্ষককে একা পেয়ে বাঁ পায়ের আলতো শটে দলের দ্বিতীয় গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে টুঙ্গী একাদশের আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ৬ মিনিটে খালিদ দলের তৃতীয় গোল করেন। ১৮ মিনিটে সাজিদ চতুর্থ গোল করে ব্যবধান বাড়ান। ২৫ মিনিটে সিয়াম আমদহ একাদশের পক্ষে একমাত্র গোলটি করে ব্যবধান কিছুটা কমান। তবে ২৬ মিনিটে রাজা নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করে ম্যাচে টুঙ্গী একাদশের বড় জয় নিশ্চিত করেন।

ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য টুঙ্গী একাদশের রাজা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে সজীব স্পোর্টসের পক্ষ থেকে তাকে পুরস্কার প্রদান করা হয়। চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।

এ সময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আজিত, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি-সহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।